নেত্রকোনা-মদন এবং নেত্রকোনা-কেন্দুয়া সড়ক দুটি এখন বেদখল হয়ে বাসস্ট্যান্ডে পরিণত হয়েছে। এই দুটি সড়কের ওপর সার্বক্ষণিক বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানো ও নামানো হচ্ছে। ফলে অন্যান্য যানবাহন এবং জনসাধারণের চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে।
নেত্রকোনা-কেন্দুয়া এবং নেত্রকোনা-মদন সড়ক দুটি ছাড়া হাওর উপজেলাগুলো এবং কিশোরগঞ্জ জেলায় যাওয়ার বিকল্প পথ নেই। পণ্য পরিবহনও চলছে। কিন্তু নেত্রকোনার কুড়পার এলাকায় বাস চলাচলের জন্য কোনো বাসস্ট্যান্ড গত ২০ বছরেও নির্মাণ হয়নি। সড়ক দখল করে বেআইনিভাবে বাসগুলো সড়কের ওপর দাঁড় করিয়ে যাত্রী ওঠানো এবং নামানো হচ্ছে। এই এলাকায় একটি বাসস্ট্যান্ড এবং যাত্রী ছাউনি নির্মাণের জন্য পরিবহন মালিক সমিতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে। যাত্রীসাধারণও বারবার দাবি জানাচ্ছে।
ভুক্তভোগী এলাকার বাসিন্দা সুজাদুল ইসলাম বলেন, মোটরসাইকেল নিয়ে যাওয়া-আসায় খুবই সমস্যা হয়। যানজট লেগেই থাকে। এলোমেলো বাস দাঁড়িয়ে থাকলে রিকশা নিয়েও চলা যায় না। এ ব্যাপারে নেত্রকোনা পরিবহন মালিক সমিতির সম্পাদক আরিফ খান জানান, তারা জেলা প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষের কাছে বাসস্ট্যান্ড নির্মাণের জন্য বললেও কোনো কাজ হচ্ছে না। নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান বলেন, জায়গা না পাওয়ায় বাসস্ট্যান্ড নির্মাণ করা যাচ্ছে না। তবে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
