শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে -------------নিক্সন চৌধুরী

আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২২:০৩

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই এলাকার জন্য যে উন্নয়ন কাজ করেছি, তার মূলে আছেন জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা না চাইলে এই তিন উপজেলায় উন্নয়ন কাজের জন্য এক কোদাল মাটিও আমি ফেলতে পারতাম না। প্রধানমন্ত্রীর সহযোগিতা আছে বলেই আমি এমপি হয়ে মাথার ঘাম পায়ে ফেলে চরভদ্রাসনে ৩০০ কোটি টাকার নদী শাসনের কাজ করছি, যা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে।

গত ৪৫ বছরে তিন উপজেলায় (চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গায়) যে উন্নয়ন হয়নি, তা আমি ছয় বছরে করেছি। নতুন করে এই তিন উপজেলায় উন্নয়ন কাজের জন্য আরো ৯০০ কোটি টাকা বরাদ্দ এসেছে। যা গত নয় মাসে বাংলাদেশের কোথাও আসেনি। আমার নির্বাচনী ওয়াদা ছিল গোপালপুর থেকে চর মৈনট ঘাট পর্যন্ত ফেরি চালু করা। ছয় বছর আগে গোপালপুর ঘাটে ফেরি আসলেও একটি কুচক্রী মহলের অপতত্পরতায় ফেরি চালু করা সম্ভব হয়নি। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করে খুব শিগগিরই এই রুটে ফেরি চালুর ব্যবস্থা করা হবে। গতকাল শনিবার চরভদ্রাসনের গোপালপুর ঘাট হতে পদ্মা নদী ভায়া হাজীডাঙ্গী মাদ্রাসা রাস্তার উন্নয়ন কাজ ও চরভদ্রাসন মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নিক্সন চৌধুরী। পরে বিকালে হাজীডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা, উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাস্টারের সভাপতিত্বে হাজীডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান প্রমুখ।