গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, দেশে নগরায়ণ বা গ্রামের বিস্তার কোনো কিছুই অপরিকল্পিতভাবে করা যাবে না। সব ইমরাত নির্মাণ পরিকল্পনার অধীন হতে হবে। শহরের সুবিধা গ্রামের মানুষের কাছে আমরা পৌঁছাতে চাই। তবে গ্রামে বা শহরে যত্রতত্র, যথেচ্ছাভাবে ভবন নির্মাণ করে সুপরিকল্পনার ব্যাঘাত সৃষ্টি যাতে না হয়, সে লক্ষ্যে আমরা কাজ করছি। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের উদ্যোগে বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরাধ্য সাধনা ছিল একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ। যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিত্সাসহ সকল সুযোগ মানুষের জন্য নিশ্চিত হবে। সে লক্ষ্য নিয়ে আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি। শোভাযাত্রা উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি পরিকল্পনাবিদ ড. এ কে এম আবুল কালাম ও সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান, রাজউকের নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর একান্ত সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর প্রমুখ উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সদস্যবৃন্দ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীবৃন্দ, ব্র্যাক ও সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
