যুবসমাজের হতাশা কাটাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে —শেখ শহীদ

আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২২:১৯

জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম বলেছেন, আমাদের যুবসমাজের নৈতিক যে অধঃপতন, তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যুবসমাজের মেধা বিকাশের পথ উন্মুক্ত করতে হবে। হতাশা থেকেই বেশির ভাগ যুবক বিপথে পা বাড়াচ্ছে। হতাশা কাটাতে তাদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ‘জাতীয় যুব দিবস-২০১৯’ উপলক্ষ্যে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় যুবসংহতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা বলেন, যুবসমাজের গর্বের ইতিহাস রয়েছে, সেটা যেন ম্লান হয়ে না যায়। জেপির নির্বাহী সম্পাদক সাদেক সিদ্দিকী বলেন, যুবসমাজ কেন আজ নানা অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে সেটি আমাদেরকে খতিয়ে দেখতে হবে। কর্মসংস্থানের অভাবেই অনেকে অপরাধে জড়াচ্ছে।

সভায় সভাপতিত্বকারী যুবসংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল বলেন, দেশের উন্নয়ন-অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ। আজকের যুবরাই আগামী দিনের নেতৃত্ব। যুবসমাজকে অবক্ষয় থেকে রক্ষায় তাদের জন্য বাজেটে আরো বেশি বরাদ্দ দিয়ে প্রশিক্ষণ ও যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যুবসংহতির সাধারণ সম্পাদক মাহফুজ আলমের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেপির প্রেসিডিয়াম সদস্য রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, জেপির মহিলা বিষয়ক সম্পাদক রোকেয়া আক্তার খানম রঞ্জু, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান ও দুর্নীতি দমন সহায়ক সংস্থার নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম সম্রাট প্রমুখ।