লক্ষ্মীপুর ২ : জাতীয় পার্টিকে পেয়ে ফুরফুরে বিএনপি

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১২:২৬

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রায়পুর ও সদর উপজেলার আংশিক নিয়ে লক্ষ্মীপুর-২ আসনে বিএনপি, মহাজোটের জাতীয় পার্টি ও সতন্ত্র প্রার্থীর মধ্যে লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

এখানে মহাজোটের প্রার্থী হয়েছেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ নোমান। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়া। আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন  কুয়েত আওয়ামী লীগের আহ্বায়ক শিল্পপতি কাজী শহিদ ইসলাম পাপুল। তাই এখন চলছে তিন প্রার্থীর ব্যাপক প্রচার-প্রচারণা। এতে এই আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা বেশি দেখছেন ভোটাররা।

 

 

জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা মহাজোট থেকে মনোনয়ন না দেওয়ার দাবি জানিয়েছিলেন। কিন্তু নেতাকর্মীদের সেই দাবি পূরণ না করে জাতীয় পার্টিকে মহাজোট থেকে মনোনয়ণ দেওয়া হয় লাঙ্গল প্রতীকে। তবে আসনটি বিএনপির ঘাঁটি হিসেবেই পূর্বপরিচিত। জাতীয় পার্টিকে এ আসনটি আওয়ামী লীগ ছেড়ে দেওয়ায় ফুরফুরে মেজাজে রয়েছে বিএনপি।