বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, যুবলীগ নেতা খালেদ ও শামীমের কাছ থেকে যে টাকা পাওয়া গেছে তা কিছুই না। দুর্নীতি অনেক গভীরে ঢুকে গেছে। এই মহাদুর্নীতি থেকে বর্তমান অনির্বাচিত সরকার বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারবে না। সরকার নিজেদের পতন নিজেরাই ডেকে আনছে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে জাতীয়তাবাদী মত্স্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মওদুদ বলেন, সিপাহী-জনতা জিয়াউর রহমানকে মুক্ত করে এনে ক্ষমতায় বসায়। তিনি কোনো ক্যু করেননি, কোনো নির্বাচিত সরকারকে অপসারণ করেননি। শহিদ জিয়া সংবিধান বাতিল করেননি, সামরিক আইন জারি করেননি এবং সংসদ বাতিল করেননি। ১৯৭৫ সালে সামরিক আইন জারি করে সংসদ বাতিল করেছিলেন এই আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার মোশতাক আহমেদ।
প্রধানমন্ত্রীর উদ্দেশে মওদুদ বলেন, গত ১০ বছর যতবার তিনি ভারতে যান শুধু দিয়ে আসেন, কিছু নিয়ে আসেন না। কিন্তু কেন? কারণ তাদেরকে শুধু ক্ষমতায় থাকার জন্য এসব করছে। ক্ষমতায় থাকার জন্য সবকিছু দিয়ে দিতে হবে? দয়া করে এটা করবেন না।
রফিকুল ইসলাম মাহতাবের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, খন্দকার আবদুল মুক্তাদির, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।
