বুলবুলে বিরূপ প্রভাব পেঁয়াজের বীজতলায়

আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৯:২৩

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের কারণে পেঁয়াজের বীজতলা ও গুটি পেঁয়াজ ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকা হাওয়া ও টানা বৃষ্টিতে গুটি পেঁয়াজ মাটিতে লুটিয়ে পড়াসহ পেঁয়াজের বীজতলা ক্ষতির মুখে পড়েছে। এদিকে আর মাত্র কয়েকদিন পরেই জমিতে পেঁয়াজের চারা রোপণ করে কৃষক স্বপ্ন পূরণের আশায় দিন গুনছিল। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে কয়েকগুণ বেশি ফলন আশা করছিলেন চাষীরা।

জানা গেছে, এ বছর উপজেলায় কৃষক প্রায় ৮০০ হেক্টর জমিতে পেঁয়াজের বীজতলা তৈরি করেছিল। একই সঙ্গে গুটি পেঁয়াজ অনেকটা বেড়ে উঠলেও ঝড়ের কারণে তা আবার মাটিতে লুটিয়ে পড়েছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন সরকার জানান, পেঁয়াজ চাষের জন্য এ অঞ্চল উপযোগী হওয়ায় এ বছর পৌর সদরসহ ১২টি ইউনিয়নের প্রায় ৮০০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করার জন্য জমি তৈরি করেছেন কৃষকেরা। ঘারুয়া, আজিমনগর, কাউলিবেড়া, আলগী, তুজারপুর, কালামৃধা, চান্দ্রা ইউনিয়নের শত শত কৃষক তাদের জমিতে আমাদের ব্লক সুপারভাইজারের পরামর্শে সঠিক নিয়মে পেঁয়াজ চাষের জন্য প্রস্তুত ছিলেন। হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় বুলবুলের কারণে প্রায় ৫০ হেক্টর জমির গুটি পেঁয়াজের কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বৃষ্টি যদি আগামী ২/১ দিন অব্যাহত থাকে তবে বীজতলারও ব্যাপক ক্ষতি হবে। এখন বীজতলার বীজ জমিতে সবেমাত্র অঙ্কুরিত হতে চলেছে। অতি বৃষ্টি হলে তা চরম ক্ষতির কারণ হবে।

আরও পড়ুন: বুক চিতিয়ে লড়ে গেলো অপরাজেয় সুন্দরবন

উল্লেখ্য, গত বছর ভাঙ্গায় ৭০০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করে কৃষক ভালো দাম না পাওয়ায় পেঁয়াজ চাষে আগ্রহ অনেকটা হারিয়ে ফেলেছিল। এ বছরের শেষ দিকে পেঁয়াজের আকাশচুম্বী দাম হওয়ায় অনেক কৃষক তাদের ফসলী জমিতে পেঁয়াজ চাষের জন্য প্রস্তুত করে তুলেছেন।

ইত্তেফাক/এসি