বুলবুলের আঘাতে লণ্ডভণ্ড বেতাগী

আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ২১:২২

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে বরগুনার বেতাগী উপজেলা লণ্ডভণ্ড হয়েছে। গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত থেকে অবিরাম বর্ষণের পর রবিবার (১০ নভেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ তাণ্ডব চালায় বুলবুল। এতে উপজেলার অধিকাংশ কাঁচা ঘরবাড়ির ওপর গাছ উপড়ে পড়ে। এতে ঘরবাড়ি ভেঙ্গে পড়ে।   

এদিকে প্রায় ৭০ ভাগ গাছপালা উপড়ে সড়কের ওপর পড়ে বরগুনা-বেতাগী মহাসড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শনিবার রাত থেকে বিদ্যুৎ না থাকায় উপজেলা সদরসহ সর্বত্র অন্ধকারে নিমজ্জিত রয়েছে। মোবাইলের নেটওয়ার্ক দুর্বল থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তার ওপর গাছপালা উপড়ে পড়ে রাস্তা বন্ধ থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা জরুরী ভিত্তিতে গাছকেটে গাড়ি চলাচলের উপযোগী করার চেষ্টা করছে। 

আরও পড়ুন: মানিকগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

সরেজমিনে দেখা গেছে, চলতি আমন মৌসুমের রোপা আমন ধানসহ উপজেলার ৮০ ভাগ ফসল বিনষ্ট হয়েছে। প্রত্যন্ত অঞ্চল ও চর এলাকায় অনেক গবাদি পশু  আহত ও প্রাণহানির ঘটনা ঘটেছে।

উপজেলার মোকামিয়া, সড়িষামুড়ি, বিবিচিনি ও সদর ইউনিয়নের চেয়ারম্যানরা জানিয়েছে, বিষখালী নদীর পানির চাপে অধিকাংশ বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বেতাগী উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান ও উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহসান জানিয়েছেন, তারা উপজেলার সর্বত্র পরিদর্শন করে ক্ষতির পরিমাণ নিরূপণ করছেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে উপজেলার ৭০ ভাগ কাঁচা ঘরবাড়ি ও ফসলি জমির ৮০ ভাগ ফসল বিনষ্ট হয়েছে।  এছাড়া অনেক গবাদি পশুর প্রাণহানি হয়েছে। 

ইত্তেফাক/এএএম