চকরিয়ায় বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ২০

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৫:০০

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট হাসিনা আহমদের গণসংযোগ চলাকালে ‘হামলার’ ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বিএনপির অন্তত ২০ নেতাকর্মী। এ সময় সাতটি গাড়ি ভাঙচুর করা হয়। দুটি মোটরসাইকেলও ছিনিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

শনিবার সকাল সাড়ে ১০টায় চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে কাটাখালীসহ একাধিক স্থানে এ ঘটনা ঘটে।

 

উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া জানান, সকাল সাড়ে ১০টার দিকে হাসিনা আহমদ নেতাকর্মী নিয়ে নির্বাচনী প্রচারণা চালান ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী এলাকায়। এ সময় আকস্মিকভাবে আওয়ামী লীগের একদল ‘সন্ত্রাসী’ গাড়িবহরে হামলা চালায়। হামলা অতিক্রম করে ওই এলাকা থেকে বের হয়ে আসার পথে ডুলাহাজারা সাফারি পার্কের গেটের সামনে আসলে আবারো হামলার শিকার হন হাসিনা আহমদ ও নেতাকর্মীরা। হামলাকারীরা হাসিনা আহমদের গাড়িসহ অন্তত সাতটি গাড়ি ভাঙচুর করে, দুটি মোটর সাইকেল ছিনিয়ে নেয়। ভাঙচুর থেকে রেহাই পায়নি সাংবাদিকের গাড়িও।

 

আহতদের মধ্যে রয়েছেন, আলী আহমদ মেম্বার (৫০), মনজুর মেম্বার (৫২), ছাত্রদল নেতা মান্নান (২৯) ও বিএনপি নেতা হারুন (৩৪)। অনেকের তাত্ক্ষণিক নাম পাওয়া যায়নি।

 

আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন বলে জানান, উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া। বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী এডভোকেট হাসিনা আহমদ জানান, আমার শান্তিপূর্ণ নির্বাচনী গণসংযোগে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে আমার গাড়িসহ সাতটি গাড়ি ভাঙচুর করেছে।

 

ইত্তেফাক/এএম