চট্টগ্রামে কাল শুরু আন্তঃওয়ার্ড ফুটবল

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২০:৫৯

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে ৩৯টি দল নিয়ে আগামীকাল বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে মেয়র গোল্ডকাপ আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট। অংশগ্রহণকারী দলগুলো ১৩ গ্রুপে ভাগ হয়ে খেলবে। উদ্বোধনী খেলায় অংশ নেবে বাগমনিরাম ওয়ার্ড ও চকবাজার ওয়ার্ড। খেলাটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

চট্টগ্রামে সিটি করপোরেশনের অধিভুক্ত ৪১টি ওয়ার্ডের মধ্যে খেলছে না দক্ষিণ-পশ্চিম হালিশহর ও বক্সিরহাট ওয়ার্ড। নানা অসুবিধার কারণে এই ওয়ার্ড টুর্নামেন্টে অনুপস্থিত রয়েছে। যে দলগুলো টুর্নামেন্টে খেলছে, সেই দলগুলোকে প্রস্তুতি হিসেবে দেওয়া হয়েছে ১ লাখ টাকা করে।

টুর্নামেন্টের বাজেট ২৮ লাখ টাকা। চট্টগ্রাম সিটি করপোরেশন টুর্নামেন্টের স্পনসর। এই অর্থ থেকে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ৩ লাখ টাকা। রানার্সআপ দল পাবে ২ লাখ, তৃতীয় স্থান ১ লাখ এবং চতুর্থ স্থান অর্জনকারী দল পাবে ৫০ হাজার টাকা।

গতকাল সোমবার সিজেকেএস মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট আয়োজনের বিভিন্ন তথ্য জানান সিজেকেএস ফুটবল কমিটির সম্পাদক মোহাম্মদ ইউসুফ। এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, টুর্নামেন্টের সদস্যসচিব নজরুল ইসলাম লেদু, ডিএফএর সহসভাপতি এস এম শহিদুল ইসলাম প্রমুখ।