ভুটানের কাছে হারল বাংলাদেশ

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২১:০০

এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার

এগিয়ে গিয়েও বাংলাদেশ দল এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে গত রবিবার নিজেদের শেষ খেলায় ভুটানের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে।

এবারের আসরে বাংলাদেশের প্রতিযোগিতার ‘ই’ গ্রুপে বাহরাইন, জর্ডান ও ভুটানের সঙ্গে পড়েছিল। কিন্তু দলটি কারো বিরুদ্ধেই জিততে পারেনি। সর্বশেষ বাহরাইনের খলিফা স্পোর্টস স্টেডিয়ামে গ্রুপের তৃতীয় ও শেষ খেলায় ২-১ গোলে হারে বাংলাদেশ দল। শেষ গোলটি হয় অবশ্য যোগ হওয়া সময়ে।

এর আগে স্বাগতিক বাহরাইনের কাছে ৩-০ গোলে হেরে বাছাইপর্ব শুরু করেছিল তারা। এরপর ইংলিশ কোচ পিটার টার্নারের দল দ্বিতীয় ম্যাচে জর্ডানের সঙ্গে ১-১ গোলে ড্র করে কৃতিত্ব দেখালেও তারপর এই হার।

অথচ ইয়াসিন আরাফাতের ১৮তম মিনিটের গোলে বাংলাদেশই প্রথম এগিয়ে গিয়েছিল। ভুটান এরপর ৬৫তম মিনিটে গোলটি শোধ করে দেয়। কিন্তু খেলাটির শেষদিকে যোগ হওয়া সময়ে গোল দিয়ে মাঠ ছাড়ে ভুটান।

অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের মূল আসর হবে আগামী বছর। উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটিতে স্বাগতিকরা ছাড়াও ১১ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপসহ মোট ১৬ দল অংশ নেবে এই আসরে।