সিরাজগঞ্জের শাহজাদপুরে অজ্ঞাত এক যুবকের (৩০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার ভেন্নাগাছি-আইগবেড়া গ্রামের মাঝামাঝি সরিষার ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, আশেপাশের এলাকা থেকে পরিকল্পিতভাবে যুবককে ধরে এনে শ্বাসরোধ করে ও ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যার পর লাশ ফেলে পলিয়ে যায় দুর্বৃত্তরা।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাজা গোলাম কিবরিয়া বলেন, ভেন্নাগাছি-আইগবেড়া গ্রামের কাচা সড়কে চলাচলকারী পথচারীরা সকালে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এসআই তৈয়ব আলী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি জানালে পিবিআইকে খবর দেওয়া হয়। তারা আসলে প্রাথমিক তদন্ত শেষে লাশটি উদ্ধার করা হয়।
আরো পড়ুন: বেনাপোলে মার্কিন ডলারসহ পাসপোর্ট যাত্রী আটক
তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এসআই তৈয়ব আলী বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ছাড়া লাশের পরিচয় জানতে আশপাশের থানাগুলোতে খবর দেওয়া হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
