খুলনায় ফেরিতে অতিরিক্ত টোল আদায় দুদকের অভিযান, দুজনের দণ্ড

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২১:০৫

খুলনা অফিস

খুলনায় ফেরিতে অতিরিক্ত টোল আদায়ের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম অভিযান চালিয়েছে। সোমবার বিকেলে নগরীর দৌলতপুর রেলিগেটস্থ নগরঘাট ফেরির টোলঘরে এ অভিযান চালানো হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত টোল আদায়ের দায়ে দুইজনকে ২ মাস ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দেয়।  সরকার নির্ধারিত ছোট ট্রাক পারাপারে ৪০ টাকার পরিবর্তে সাড়ে ৩শ’ টাকা, মিডিয়াম ট্রাক ২টির জন্য ১শ’ টাকার পরিবর্তে ৮শ’ টাকা, ইজিবাইক ও ভ্যান ৫ টাকার পরিবর্তে ২০ টাকা আদায়ের প্রমাণ পাওয়া যায়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান খান ফেরির টোল আদায়কারী মো. হাসিব ও মো. আমজাদ শেখকে ২ মাস ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।