উপকূল দিবস আজ

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২১:০৬

ভোলা প্রতিনিধি ও মনপুরা সংবাদদাতা

আজ সেই ভয়াল ১২ নভেম্বর। ৪৮ বছর আগের সেই দিনের বেদনাবিধুর ইতিহাস বাঙালি জাতি আজও ভুলতে পারেনি। ১৯৭০ সালের এই দিনে উপকূল জুড়ে বয়ে যায় মহা প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। ১০ নম্বর মহাবিপত্সংকেত বুঝতে না পারায় উপকূলের ১০ লক্ষাধিক মানুষের প্রাণ বিসর্জন দিতে হয়। ভেসে যায় গবাদিপশু, হাঁস-মুরগি আর ক্ষতিগ্রস্ত হয় মাঠ ফসল এবং অসংখ্য গাছপালা, পশু-পাখি। পুরো উপকূল মুহূর্তেই ধ্বংসযজ্ঞে পরিণত হয়। চারদিক ছড়িয়ে-ছিটিয়ে থাকে লাশ আর লাশ। ভোলা, পটুয়াখালী, বরগুনা, নোয়াখালী ও চট্টগ্রামের ওপর দিয়ে বয়ে যায় এই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস গোর্কী।