পিকেএসএফ উন্নয়ন মেলা শুরু বৃহস্পতিবার

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২১:৩৩

ইত্তেফাক রিপোর্ট

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত উন্নয়ন মেলা শুরু হবে আগামী বৃহস্পতিবার। অংশগ্রহণকারীদের উত্পাদিত পণ্য প্রদর্শনী ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাত দিন চলবে এ মেলা। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বক্তব্য রাখেন। এছাড়াও পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীম উদ্দিন ও গোলাম তৌহিদ, সিনিয়র এডিটোরিয়াল অ্যাডভাইজার প্রফেসর শফি আহমেদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। উদ্বোধনী অধিবেশনে দারিদ্র্য বিমোচন, টেকসই উন্নয়ন ও মানব মর্যাদা প্রতিষ্ঠায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একজন বিশিষ্ট ব্যক্তিকে আজীবন সম্মাননা দেবে পিকেএসএফ।

উন্নয়ন মেলায় পিকেএসএফ-এর অর্থায়ন ও কারিগরি সহায়তায় দরিদ্র জনগোষ্ঠীর উত্পাদিত পণ্যের প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা থাকবে।

দেশের প্রত্যন্ত অঞ্চল হতে পিকেএসএফ-এর সহযোগী সংস্থা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি এবং সেবামূলক প্রতিষ্ঠানসহ মোট ১৩০টি প্রতিষ্ঠানের ১৯০টি স্টল এ মেলায় স্থান পাবে। নিত্য ব্যবহার্য পণ্য থেকে শুরু করে প্রান্তিক ক্ষুদ্র উত্পাদকদের উত্পাদিত বিষমুক্ত কৃষিপণ্য, খাদ্যদ্রব্যসহ বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী, প্রসিদ্ধ ও সমাদৃত হাজারো পণ্যের সমাহার নিয়ে বসছে এই মেলা।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চলবে।