বটিয়াঘাটায় জুয়েলারির তালা ভেঙে দেড়শ ভরি স্বর্ণালংকার চুরি

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২১:৪০

 বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা

উপজেলার বটিয়াঘাটা বাজারে শনিবার সাইক্লোন বুলবুল আঘাত হানার রাতে একটি জুয়েলারির তালা ভেঙ্গে অন্তত দেড়শ’ ভরি স্বর্ণালংকার ছাড়াও ক্যাশ থেকে তিন লাখ টাকা চুরি হয়েছে। তিন মাসের ব্যবধানে এ নিয়ে দু’টি স্বর্ণের দোকানে চুরি হলেও কোন মালামাল উদ্ধার হয়নি। স্বর্ণব্যবসায়ী বিষ্ণু মন্ডল জানান, রাত আটটার দিকে তার স্বর্ণলতা জুয়েলার্সে তালা লাগিয়ে বাসায় যান। পরের দিন দোকান খুলে দেখেন স্বর্ণ রাখা দু’টি আয়রণসেফের একটির তালা ভাঙ্গা। সেখানে প্রায় দেড়শ’ভরি বিভিন্ন স্বর্ণের গহনাসহ নগদ তিন লাখ টাকা রাখা ছিল। চোর সব নিয়ে গেছে। বটিয়াঘাটা থানার ওসি রবিউল কবির বলেন, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং চোর গ্রেফতারের জন্য ব্যাপক প্রচেষ্টা চলছে। আশা করি দু’এক দিনের মধ্যেই ভালো খবর পাওয়া যাবে। সিআইডি ফরেন্সিক বিভাগও তথ্য উদ্ধারের চেষ্টা করছে।