বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা, রায়পুরে আওয়ামী লীগের ৪ নেতা বহিষ্কার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৪

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে মহাজোটের শরিক দলের একক প্রার্থীর পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে মাঠে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের প্রভাবশালী ৪ নেতাকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া অভিযুক্ত এই ৪ নেতাকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের জন্য জেলা ও কেন্দ্র বরাবর চিঠি পাঠানো হয়েছে। গত দু’দিনে উপজেলা ও জেলা আওয়ামী লীগের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

সাময়িক বহিষ্কার হওয়া নেতারা হলেন- পৌর শ্রমিক লীগের সভাপতি জুয়েল মৃধা, পৌর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ইফতেখার রায়হান, পৌর ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেব লীগের যুগ্ম-আহ্বায়ক মো. শান্ত ইসলাম ও কেরোয়া ইউনিয় যুবলীগের সভাপতি কামাল হোসেন।

আরো পড়ুন: চকরিয়ায় বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ২০

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকন বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বর্তমান এমপি মহাজোট মনোনীত লাঙ্গল প্রতীকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী আপেল প্রতীকের পক্ষে অবস্থান নিয়ে প্রচার-প্রচারণায় অংশ নেওয়ায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

এদিকে বহিস্কার হওয়া পৌর শ্রমিক লীগের সভাপতি জুয়েল মৃধা বলেন, যেসব নেতারা আমাদের মৌখিকভাবে বহিষ্কার করছেন সেই নেতারাই এক সময় দলের বিরুদ্ধে ছিলেন। তাই তাদের এই বহিষ্কার আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। এছাড়াও তাদের কমিটির কোন মেয়াদ নেই। তাদের আগে বহিষ্কার করা প্রয়োজন।

ইত্তেফাক/বিএএফ