যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২১:৪৩

ইত্তেফাক রিপোর্ট

স্বাধীন বাংলাদেশের প্রথম যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল সোমবার পালিত হয়েছে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেছেন যুবলীগের নেতা-কর্মীরা। গতকাল সোমবার ভোর ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদ শেখ ফজলুল হক মণিসহ ’৭৫-এর ১৫ আগস্ট নিহত শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ এবং মোনাজাত করা হয়।

১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ে তুলতে এবং যুবসমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় যুবলীগ প্রতিষ্ঠিত হয়। যুব আন্দোলনের পথিকৃত্, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই যুবলীগের নেতা-কর্মীরা দেশ গঠনে আত্মনিয়োগ করেন। গতকাল যুবলীগের একাধিক কর্মসূচিতে সংগঠনের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম, সদস্যসচিব হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন, আমজাদ হোসেন, মাহবুবুর রহমান হিরন, অ্যাডভোকেট বেলাল হোসাইন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক প্রমুখ উপস্থিত ছিলেন।