কবি বিষয়ক ছড়া

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২১:৪৮

মাহমুদউল্লাহ

 

কবির মন

 

যে যা-ই বলুন, একটা কথা নিশ্চিত আমি বুঝি,

আর কিছু নয়, মনটা হলো কবির আসল পুঁজি।

মনটা আবার স্বার্থ বুঝে থাকে ছদ্মবেশে,

কিসের নীতি? কথা বলে কেবলই একপেশে।

কবি যদি সত্য ছেড়ে প্রবক্তা হন দলীয়,

তাঁকে তুমি কলম ছেড়ে চুঙ্গা ফুঁকতে বলিয়ো।

 

কবির পুজো

 

দলের পোশাক পরে তিনি নেতাকে দেন পুজো,

নেতার সামনে হতে পারেন নতজানু কুঁজো।

কবি তিনি, অন্যকে কন—তুই ব্যাটা দলকানা,

ভাবটা দ্রোহের, চেনেন ভালো সরকারি দলখানা।

সময়মতো দিতে জানেন সালাম-নমস্কার,

অনিয়মের রাজ্যিতে তাঁর জোটে পুরস্কার।