পবিত্র ঈদে মিলাদুন্নবি (স.) উদ্যাপন

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২২:২৭

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে সারাদেশে রবিবার পবিত্র ঈদে মিলাদুন্নবি (স.) উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে। রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের সীরাতের ওপর আলোচনা, সিম্পোজিয়াম, সেমিনার ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কয়েকটি ধর্মীয় সংগঠন র্যালি বের করে। রাষ্ট্রপতি আবদুল হামিদ বাদ আসর বঙ্গভবনের দরবার হলে মিলাদ মাহফিলের আয়োজন করেন। রবিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে শুরু হয়েছে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা ও ইসলামি বইমেলা। রবিবার সরকারি ছুটি পালিত হয়। সংবাদপত্রেও ছুটি থাকায় গতকাল কোনো পত্রিকা প্রকাশিত হয়নি।

প্রতি বছরের মতো এবারও আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়ার উদ্যোগে রাজধানীতে জশনে জুলুস (র্যালি) অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুর ১ নম্বরে জশনে জুলুস শুরু হয় এবং বাঙলা কলেজ মাঠে এসে শেষ হয়। মাইজভাণ্ডার দরবার শরীফের ইমাম সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানীর নেতৃত্বে মাইজভাণ্ডারিয়ার অনুসারীরা জশনে জুলুসে অংশ নেন। সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানীর সভাপতিত্বে সমাবেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররমের পূর্ব সাহারে আয়োজন করা বিশেষ দোয়া অনুষ্ঠানের। প্রায় সাড়ে ১৪০০ বছর পূর্বে ৫৭০ খ্রিষ্টাব্দের হিজরি সনের ১২ রবিউল আউয়াল মা আমেনার কোল আলো করে আসেন সর্বশ্রেষ্ঠ নবি হযরত মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহী ওয়া সাল্ল­াম। এই দিনটিতে তার জন্ম ও ওফাত দিবস হিসেবে পালন করা হয়।