ঝিনাইগাতীতে যুবলীগ কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৭:১৭

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা যুবলীগ কার্যালয়সহ নৌকা প্রতীকের ৪ প্রচার ক্যাম্পে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। 

যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক শাহ আলমসহ দলীয় নেতাকর্মীরা জানান, রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলা যুবলীগ কার্যালয় ও রাংটিয়া, তিনানী, বনগাঁও এবং ধানশাইল বাজারের ৪টি নৌকা প্রতীকের নির্বাচনী প্রচার ক্যাম্প লক্ষ্য করে একযোগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এ সময় দলীয় নেতাকর্মীরা আতঙ্কগ্রস্ত হয়ে ছুটাছুটি করতে থাকেন। 

ঘটনার পরপরই আওয়ামী লীগ ও যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলা সদর বাজারে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ শেষে যুবলীগ কার্যালয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করে। এতে বক্তব্য দেন-যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক শাহরীয়ার খান শাওন প্রমুখ। বক্তারা যুবলীগ কার্যালয়সহ আওয়ামী লীগের নির্বাচনী প্রচার ক্যাম্পে ককটেল নিক্ষেপকারী দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

আরো পড়ুন: বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় যেসব ভুল ছিলো ঐশীর

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের সনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/জেডএইচ