টাকার বান্ডিলে ঘুমানো সেই এসআই প্রত্যাহার

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ০০:০৮

অবশেষে টাকার বান্ডিলের ওপর ঘুমিয়ে থাকা ডিবির সেই উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার জেলা পুলিশ তাকে ডিবি থেকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করেছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআই-১) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।  

প্রসঙ্গত নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক কর্মকর্তার টাকার বান্ডিলের ওপর ঘুমিয়ে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। গত ৬ নভেম্বর সকাল থেকে ফেসবুকে ভাইরাল হওয়া ঐ পোস্টে দেখা যায়, একজন লোক একটি গাড়ির সিটে টাকার বান্ডিলের ওপর ঘুমিয়ে আছে। পাশে ছিল তার ব্যবহূত সরকারি ওয়্যারলেস। ছবির নিচে লেখা ছিল ‘অভিযান পরিচালনা করে ক্লান্ত নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. আরিফ মাইক্রোবাসের ভেতর টাকার ওপর এভাবেই ঘুমিয়ে পড়েন।’ ছবিটি নিজের বলে স্বীকার করে ডিবির এসআই মো. আরিফ বলেন, ‘এ ছবিটা ৪ থেকে ৫ মাস আগের। আমার মা অসুস্থ ছিল। আমি আমার এক বন্ধুর কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা ধার নিয়েছিলাম। মায়ের অসুস্থতার টেনশনে অনিচ্ছাসত্ত্বেও গাড়িতেই ঘুমিয়ে পড়েছিলাম। হয়তো ঐ সময় কেউ ছবিটা তুলে ফেলে। মনে হয় কেউ তার স্বার্থ হাসিলের জন্যই এ কাজটি করেছে।’