মুজিব বর্ষ উদ্যাপনে অংশ নিতে চায় ভারত :রাম মাধব

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ০০:৫২

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাধারণ সম্পাদক রাম মাধব বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনে ভারত অংশ নিতে চায়। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের একথা বলেন রাম মাধব।

বিজেপির সাধারণ সম্পাদক বলেন, আলোচনায় দুই দেশ, দুই পার্টি এবং উভয় দেশের সরকার নিয়ে আলোচনা হয়েছে। এই আলোচনা অত্যন্ত সুদূরপ্রসারি এবং ফলপ্রসূ। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি দুই জনেই অত্যন্ত জনপ্রিয় নেতা। তাদের সম্পর্ক ভবিষ্যতে আরো অনেক দূর এগোবে বলে আমরা আশা রাখি। তিনি বলেন, ‘মুজিব বর্ষ নিয়েও আমরা অত্যন্ত আগ্রহী। আমরা চাই দুই দেশের জনগণের কাছে এটি সম্পূর্ণভাবে পৌঁছে যাক। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের ফোনে আলাপ হয়েছে। মুজিব বর্ষ উদ্যাপনের সময় ভারত একটি টিমও পাঠাবে।’

রাম মাধব বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। গত বছরে দিল্লিতে আওয়ামী লীগের প্রতিনিধিদলকে আমরা স্বাগত জানিয়েছিলাম, যার নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ভারত বাংলাদেশের মধ্যে ঐতিহ্যগতভাবেই শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবীর নানক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

বাবরি মসজিদের রায় রাজনৈতিক নয়

বাবরি মসজিদের রায় রাজনৈতিক নয় বলে জানিয়েছে বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব। সোমবার  ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে ঢাকা গ্লোবাল ডায়লগ-১৯ এর সাইড লাইনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রাম মাধব বলেন, এ রায়কে ভারতের জনগণ খুবই ইতিবাচক হিসেবে নিয়েছে। ভারতে বিচার ব্যবস্থা খুবই স্বাধীনভাবে কাজ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিশ্চিত করেছেন রায়ে কোনো জয় পরাজয় নেই। এমনকি কাউকে ওপরে তোলা হয়নি বা নিচু দেখানো হয়নি। কোনো ধর্মকে অবমাননা করা হয়নি বরং রায়ের পর এটি সবাই মেনে নিয়েছে। এ রায়কে ঘিরে বাংলাদেশে কোনো অস্থিতিশীল ঘটনা না ঘটায় এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।