বাংলাদেশকে সমীহ করছেন রাহানে

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২০:৪১

স্পোর্টস রিপোর্টার, ইন্দোর থেকে

সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলকে নিয়ে প্রশ্ন হয়েছে মোট তিনটি। আজিংকা রাহানে তিন প্রশ্নের উত্তরে বাংলাদেশকে নিয়ে বলতে গিয়ে ‘রেসপেক্ট’ শব্দটি উচ্চারণ করেছেন চারবার। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে পূর্ণ সম্মানই দিয়েছেন ভারতের এই মিডল অর্ডার ব্যাটসম্যান। সংবাদ সম্মেলনে ঘুরিয়ে-ফিরিয়ে অনেকবার রাহানে বলেছেন, বাংলাদেশকে নিয়ে চিন্তা নয়। বরং ইন্দোর টেস্টে নিজেদের শক্তি অনুযায়ী খেলার দিকেই ফোকাস করছে ভারত।

সাদা পোশাকে দুই দলের সাক্ষাত্ হয়েছে নয়বার। যার মধ্যে সাত বারই জিতেছে ভারত। দুটি ম্যাচ ড্র হয়েছে। চলতি বছরে ছয়টি টেস্ট খেলে পাঁচটিই জিতেছে ভারত। একই সময়ে বাংলাদেশ খেলেছে ৩টি টেস্ট। এবং বলা বাহুল্য সবকটিই হার। নিজেদের শেষ টেস্টে ঘরের মাঠে আফগানিস্তানের কাছেও হেরেছে বাংলাদেশ।

তার পরও রাহানে সমীহ করছেন মুমিনুল হকের দলকে। আগামীকাল শুরু হতে চলা দুই দলের দশম টেস্টে তাই অতীত পরিসংখ্যান দিয়ে বাংলাদেশকে মূল্যায়ন করতে রাজি নন এই ভারতীয় ক্রিকেটার। 

ইন্দোরে বাংলাদেশের বিপক্ষে খেলার চ্যালেঞ্জ সম্পর্কে গতকাল সংবাদ সম্মেলনে রাহানে বলেছেন, ‘বাংলাদেশ খুব ভালো দল। তারা পূর্ণাঙ্গ, একটা দল, ইউনিট হিসেবে খেলে। প্রতিপক্ষকে নিয়ে চিন্তার চেয়ে আমরা নিজেদের শক্তির দিকেই ফোকাস করি সবসময়। আমরা তাদের সম্মান করি। কিন্তু নিজেদের শক্তিমত্তা অনুযায়ী খেলাটা গুরুত্বপূর্ণ। আমরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভালো খেলেছি। কিন্তু সেটা এখন অতীত। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা একটা ম্যাচ ধরে এগোব, যেটা এখন ইন্দোরে। আমরা এখন এই টেস্টের দিকে মনোযোগ দিচ্ছি, তারপর কলকাতা নিয়ে চিন্তা করব। আমরা বাংলাদেশকে পূর্ণ সম্মান করি এবং তাদেরকে নিয়ে না ভেবে নিজেদের শক্তি অনুযায়ী খেলতে চাই।’

দক্ষিণ আফ্রিকার মতো দল গতমাসে ভারতের সামনে অসহায় আত্মসমর্পণ করেছিল। টেস্ট র্যাংকিংয়ের নবম দল কতটা লড়াই করতে পারবে শক্তিশালী ভারতের বিরুদ্ধে? রাহানে বাংলাদেশকে হালকাভাবে নিতে নারাজ। গতকাল তিনি বলেছেন, ‘বাংলাদেশ ভালো দল। আমার মনে হয় আমরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খুব ভালো খেলেছি। যেটা এখন অতীত। আমরা সবসময় বর্তমানে অবস্থান করি। আমরা একটা সিরিজ, একটা ম্যাচ ধরেই সামনে এগিয়ে যাই। আমরা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। আমি নিশ্চিত, বাংলাদেশ শক্তভাবে এগিয়ে আসবে। তারাও তাদের সেরাটা দেবে টেস্ট ম্যাচটা এবং সিরিজটা জিততে।’