স্পোর্টস ডেস্ক
আগামীকাল, মানে ১৪ নভেম্বর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই সিরিজ দিয়েই আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের যুগে প্রবেশ করবে বাংলাদেশ দল। একই সঙ্গে অধিনায়ক হিসেবেও অভিষেক হতে যাচ্ছে মুমিনুল হক সৌরভের। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে।
ইন্দোরের উইকেট থেকে নাকি বাড়তি সুবিধা আদায় করে নিতে পারবেন পেসাররা। যে উইকেটে এবার খেলা হবে, সেটাতেই গেল দুটি রঞ্জি ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এখানকার দায়িত্বে আছেন মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমপিসিএ) চিফ কিউরেটর সামান্দার সিং। তিনি নাকি উইকেটে লাল মাটি ব্যবহার করেছেন।
ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে বিশ্বস্ত এক সূত্র বলেছে, ‘লাল মাটি ব্যবহার করার কারণে উইকেটে প্রচুর বাউন্স থাকবে। এটা পেসারদের কাজে লাগবে। ব্যাটসম্যানরাও বাউন্সি উইকেটে ভালো স্ট্রোক খেলতে পারবেন। আর দিন যত এগোবে উইকেটে ততবেশি স্পিন ধরবে। যতদূর বোঝা যাচ্ছে, এটা দারুণ একটা স্পোর্টিং উইকেট হতে যাচ্ছে।’
ভারতীয় পেসাররাও সম্প্রতি দারুণ ফর্মে আছেন। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে অবশ্য স্পিনাররাই এগিয়ে ছিলেন। ৩৪টি উইকেট পেয়েছিলেন তারা। অন্যদিকে ২৬টি উইকেট নিয়েছিলেন স্পিনাররা। এবার অবশ্য জাসপ্রিত বুমরাহ ইনজুরি থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। এটা বাংলাদেশের জন্য ইতিবাচক ব্যাপার। তবে, বিপদে পড়ার জন্য মোহাম্মদ শামি, উমেশ যাদব কিংবা ইশান্ত শর্মার বোলিংও এই উইকেটে যথেষ্ট হওয়ার কথা।
সূত্রটি জানিয়েছে, উইকেটটা ভারতের মন মতোই হবে। এর বাদেও উইকেটের সহায়তা ছাড়াও ভারত সাম্প্রতিক সময় ভালো করছে। তিনি বলেন, ‘ভারত এখন অনেক কিছু ব্যাপার মাথায় রেখে খেলতে নামে। এটা এখন এমন একটা দল যারা সব ধরনের উইকেটেই ভালো করতে সক্ষম। শক্ত উইকেট, অস্টেলিয়ার বাউন্সি উইকেটে ভারত ভালো করেছে। আর স্পিন নির্ভর উইকেটে আমাদের সক্ষমতার ব্যাপারে তো নতুন করে বলার কিছু নেই। এই দলটাকে হারানো খুব কঠিন।’
