চাহারের আরেক হ্যাটট্রিক

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২০:৪২

বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক ও রেকর্ড গড়া বোলিংয়ের রেশ রয়ে গেছে এখনো। এর মধ্যেই আরেকটি হ্যাটট্রিক উপহার দিলেন দিপক চাহার। ভারতীয় পেসার এবার হ্যাটট্রিক করেছেন ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতে। রাজস্থানের হয়ে মঙ্গলবার বিদর্ভের বিপক্ষে ১৮ রানে ৪ উইকেট নেওয়ার পথে হ্যাটট্রিক করেছেন চাহার। রবিবার তিনি বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছিলেন ভারতের হয়ে। সেদিন ৭ রানে ৬ উইকেট নিয়ে গড়েছিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের বিশ্বরেকর্ড। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে ইনিংসের শেষ তিন বলে উইকেট নিয়েছেন চাহার। বাংলাদেশের বিপক্ষে তার হ্যাটট্রিক হয়েছিল ম্যাচের শেষ তিন উইকেট নিয়ে।