চট্টগ্রামে ভেটারেন ফুটবল

প্রভাত ক্লাব চ্যাম্পিয়ন

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২০:৪৪

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

আগ্রাবাদ প্রভাত ক্লাব চট্টগ্রাম জার্নালিস্টস স্পোর্টস ক্লাব আয়োজিত ভেটারেন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। গত সোমবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রভাত ক্লাব টাইব্রেকারে ২-১ গোলে হারায় তারকাখচিত দল চান্দগাঁও খেলোয়াড় সমিতিকে। নির্ধারিত সময় পর্যন্ত খেলাটি ১-১ গোলে ড্র ছিল। টাইব্রেকারে জয়ী দলের জাহেদ ও আনিস এবং বিজিত দলের ইউনুস গোল করেন। জয়ী দলের জাহেদ ফাইনালের সেরা খেলোয়াড়, বিজিত দলের অনুপম বড়ুয়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং বয়স্ক খেলোয়াড় হিসেবে মুক্তকণ্ঠ ক্লাবের শামীম আহমেদকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়।

শেষে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, স্পন্সর প্রতিষ্ঠানের এমডি মশিউল আলম স্বপন, আয়োজক সংগঠনের সভাপতি দেবাশীষ বড়ুয়া দেবু, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী প্রমুখ।

চট্টগ্রামে আন্তঃফুটবলের

শুরুতেই নগরীতে বর্ণাঢ্য র্যালি

চট্টগ্রামে আজ বুধবার শুরু হতে যাওয়া মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রচার-প্রচারণার অংশ হিসেবে গতকাল মঙ্গলবার একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এম এ আজিজ স্টেডিয়াম অঙ্গনে এসে শেষ হয়।

খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও ক্রীড়ামোদিদের অংশগ্রহণে শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

টিকিটের মূল্য ঘোষণা

আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিন ছাড়া প্রত্যেক দিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। এ জন্য টিকিটের মূল্য গ্যালারি ১০ এবং প্যাভিলিয়ন ৫০ টাকা ঠিক করা হয়েছে।