চট্টগ্রামে এক ভুয়া ডাক্তারকে কারাদণ্ড

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২১:৫১

চার ফার্মেসি সিলগালা

 চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম নগরীর পাহাড়তলি থানার কালীবাড়ি রোডে দুই ভুয়া ডাক্তারের সন্ধান পেয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে সজীব দাশ রুপন নামে একজনকে আটক করে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে বিমল দাশ নামে আরেক ভুয়া ডাক্তার পালিয়ে যায়। অভিযানে একই এলাকায় চারটি অননুমোদিত ফার্মেসি সিলগালা করা হয়েছে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক গতকাল মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক ইত্তেফাককে জানান, কালীবাড়ি রোডে  অভিযান চালিয়ে সজীব দাশ রুপন নামের একজন ভুয়া ডাক্তারকে হাতেনাতে ধরা হয়। সে দীর্ঘদিন ধরে ডাক্তার সেজে নিয়মিত রুগী দেখে আসছিল। সজীব মেডিকেল হল নামে ফার্মেসিতেই ছিল তার চেম্বার। সে এসএসসি পাস করেছে বলে জানায়। লাইসেন্সবিহীন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ, সার্টিফিকেট দেখাতে না পারায় তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় ও ফার্মেসি সিলগালা করা হয়। একই সময়ে চন্দ্রিমা মেডিকেল হল নামে আরেকটি ফার্মেসিতে অভিযান চালাতে গেলে খবর পেয়ে বিমল দাস নামের আরেক ভুয়া ডাক্তার পালিয়ে যায়।

এলাকাবাসী জানায়, বিমল দাস কয়েক বছর ধরে ডাক্তার সেজে প্রেসক্রিপশন দিয়ে ওষুধ বিক্রি করে। এ কারণে চন্দ্রিমা মেডিকেলকে সিলগালা করা হয়। একই এলাকায় লাইসেন্স বিহীন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ, সার্টিফিকেট দেখাতে না পারায় মেডিকেল প্লাস নামে আরেকটি ফার্মেসিকে ৩ হাজার ও স্বাগত ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।