চট্টগ্রামে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কারাগারে

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২১:৫৩

সুদীপ্ত হত্যা মামলা

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম মহানগরী ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওসমান গণির আদালত এই আদেশ দেন। দিদারুল আলম মাসুম মহানগরীর লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যার নির্দেশদাতা হিসেবে এই মামলায় অভিযুক্ত।

আদালত সূত্র জানায়, সুদীপ্ত হত্যা মামলায় হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়েছিলেন আসামি দিদারুল আলম মাসুম। পরে আপিল বিভাগ মাসুমের জামিন বাতিল করে তাকে চার সপ্তাহের মধ্যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

গতকাল মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করলে দিদারুল আলম মাসুমকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

উল্লেখ্য, গত ৪ আগস্ট ঢাকার বনানী থেকে সুদীপ্ত হত্যা মামলায় দিদারুল আলম মাসুমকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।