কমলগঞ্জের গঙ্গাস্নানের দীর্ঘ লাইন
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা ও ভাবগাম্ভীর্যে গঙ্গাস্নানের মধ্য দিয়ে কমলগঞ্জের মাধবপুর চা-বাগানে ১৯তম কাত্যায়নী পূজা সম্পন্ন হয়েছে। ধলাই নদীর প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে গঙ্গাস্নান ও পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ভোর রাত থেকেই বিভিন্ন চা-বাগানের কয়েক হাজার নারী-পুরুষ ভক্ত গঙ্গাস্নান ও পূজা-অর্চনা করতে ধলাই নদীর তীরে হীরামতি এলাকায় সমবেত হন।
স্থানীয়রা জানান, দিনটি উপলক্ষ্যে মাধবপুর চা-বাগান সনাতনী ভক্তবৃন্দের আয়োজনে মাসব্যাপী ব্রতপালন শেষে রাত থেকে চা-বাগানের বিভিন্ন মন্দিরে নাম সংকীর্তন শুরু হয়। মঙ্গলবার সকালে চা- শ্রমিকদের কাত্যায়নী পূজা আয়োজক কমিটির আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্পকুমার কানু, মাধবপুর চা-বাগানের সহকারী ব্যবস্থাপক প্রসেন ঘোপ প্রমুখ।
