পিরোজপুরে ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় গৃহায়ন মন্ত্রীর ত্রাণ বিতরণ

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ০০:১৯

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম গতকাল মঙ্গলবার ঘূর্ণিঝড় বুলবুল উপদ্রুত পিরোজপুর জেলার সদর উপজেলা ও নাজিরপুর উপজেলার বিভিন্ন গ্রাম পরিদর্শন করেছেন। এ সময় তিনি সদর উপজেলার দুর্গাপুর এবং নাজিরপুর উপজেলার কলাদোয়ানীয়া ও সদর ইউনিয়নের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর সঙ্গে কথা বলেন। এ সময় ঘূর্ণিঝড়পীড়িত মানুষের মাঝে চাল, ডাল, তেল, চিনি, নুডুলস ইত্যাদি ত্রাণসামগ্রী বিতরণ করেন। এই ত্রাণ তত্পরতার সময় পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানসহ প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

জেলা পরিষদের

ত্রাণ ঘোষণা

পিরোজপুর জেলা পরিষদ বুলবুলের আঘাতে জেলায় নিহত ব্যক্তির পরিবার ও ঝড়ে সম্পূর্ণ বিধ্বস্ত ঘরের মালিকদের অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ পিরোজপুরে নিহত দুই জনের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে পাঁচ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খানসহ সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা পরিষদের চেয়ারম্যান জানান, পিরোজপুর বঙ্গোপসাগরের নিকটবর্তী ও নদীবেষ্টিত হওয়ায় এ জেলার প্রতিটি উপজেলাই ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।