শিল্পপতি হাসেমকে দুদকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ০০:৪০

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেমকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মোশারফ হোসেইন মৃধা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এর আগে গত বছরের ২১ অক্টোবর একই অভিযোগে তাকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন অনুসন্ধান কর্মকর্তা। ঐ দিন জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কোনো কথা বলতে রাজি হননি এম এ হাসেম। গতকালও অভিযোগের বিষয়ে তিনি সাংবাদিকদের কিছু বলতে রাজি হননি। কমিশনের সামনে গাড়ি থেকে নামার পর তার ছবি তোলার সময় আলোকচিত্র সাংবাদিকদের তা প্রকাশ না করার অনুরোধ করেন তিনি।

দুদক সূত্র জানায়, গুলশানে প্লট দখল, রাজউকের জায়গা দখল করে ভবন নির্মাণ ও বিভিন্ন ব্যাংক হিসাবে ব্যবসাবহির্ভূত প্রচুর লেনদেনের অভিযোগ রয়েছে। কমিশন সেসব ব্যাপারে গতকাল তাকে জিজ্ঞাসাবাদ করে। দুদক সূত্র আরো জানায়, এম এ হাসেমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি, বৈধ ব্যবসার আড়ালে অবৈধ ব্যবসা পরিচালনা ও সরকারের বিপুল পরিমাণ সরকারি সম্পত্তি দখলসহ শত শত কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া পারটেক্স গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে স্বল্পমূল্যে পণ্য আমদানি করে মূল্য বেশি দেখিয়ে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগ রয়েছে।