মো. আমিরুজ্জামান
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুরের বন্ধন শিল্পীগোষ্ঠী এবার বাউল সাধক লালন শাহ ১২৯তম তিরোধান দিবসে আলোচনা সভা ও লালনসংগীত সন্ধ্যার আয়োজন করে। এতে বন্ধনের শিল্পী ছাড়াও কলকাতার শিল্পী তুষার দে লালনের গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।
এ উপলক্ষে গত ১ নভেম্বর সংগঠনটি নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও লালন সন্ধ্যার আয়োজন করে নিজস্ব কার্যালয় এস আর প্লাজায়। এতে সংগঠনের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার উচ্চ মাধ্যমিক অধিদপ্তর উপ-পরিচালক (কলেজ শাখা-১) ড. আমীর আলী আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার সুরকার, গীতিকার ও সংগীতশিল্পী তুষার দে, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বন্ধন শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা মো. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রইজ উদ্দিন রকি ও সহ-সভাপতি কাজী আনিছুর রহমান।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কলকাতার সুরকার, গীতিকার ও সংগীত শিল্পী তুষার দে, বন্ধনের শিল্পী শরীফ, আনিছুর রহমান, মাহাবুব, রইজ উদ্দিন রকি, বীথি জামান, মাধব চন্দ্র, শরিফা বেগম, সাদিয়া একুশী, সুমন ও আনোয়ার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সংগঠনের দপ্তর সম্পাদক সাব্বির হুসাইন।
