স্পোর্টস ডেস্ক
লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহ গোড়ালিতে চোট পাওয়ায় মিশরের হয়ে আফ্রিকান নেশন্স কাপের বাছাইপর্বে কেনিয়া ও কমোরোসের বিরুদ্ধে খেলতে পারবেন না।
নেশন্স কাপের ‘জি’ গ্রুপে আজ বৃহস্পতিবার নিজেদের মাঠে কেনিয়ার বিপক্ষে খেলবে মিশর। এরপর আগামী সোমবার পূর্ব আফ্রিকার দ্বীপদেশ কমোরোসের মাঠে খেলতে যাবে দেশটি।
সালাহ কায়রোতে মিসর দলের কর্মকর্তাদের সাথে বসে তার ইনজুরির বিষয়টি খতিয়ে দেখেন। এরপর ২৭ বছর বয়সি স্ট্রাইকারটিকে নিয়ে বিবৃতি দেয় মিসর। এতে বলা হয়, ‘ইনজুরিটি থেকে সেরে উঠার জন্য সময় নিয়ে শুশ্রূষা দরকার।’
চলতি মৌসুমে লিভারপুলের হয়ে এ পর্যন্ত ছয় গোল করা সালাহ গত রবিবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে গোল করলেও ৮৭ মিনিটের সময় তাকে তুলে নেওয়া হয়েছিল। তিনি এর আগে ফার্নানদিনহোর সাথে বল দখলের লড়াইয়ে ধাক্কা খেয়েছিলেন।
লিভারপুল স্ট্রাইকারটি এর আগে ইনজুরির কারণে অক্টোবরে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে খেলাটিতে অংশ নিতে পারেননি। লেস্টার সিটির হামজা চৌধুরীর সাথে বলের লড়াইয়ে গিয়ে সে সময় আঘাত পেয়েছিলেন মিসরিয় ফরোয়ার্ডটি। সেবারও গোড়ালির জয়েন্টে একই জায়গায় ব্যথা পেয়েছিলেন তিনি।
চোট পাওয়ার পর থেকে লিগে কোনো ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলতে পারেননি সালাহ। লিভারপুলের পরবর্তী খেলা ২৩ নভেম্বর ক্রিস্টাল প্যালেসের মাঠে।
