শচীন-দ্রাবিড়রাও থাকবেন ইডেনে

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২১:০৮

স্পোর্টস রিপোর্টার, ইন্দোর থেকে

মুমিনুল হক, বিরাট কোহলি—দুই জনই গতকাল সংবাদ সম্মেলনে এসেছিলেন আজ শুরু হতে চলা ইন্দোর টেস্ট নিয়ে কথা বলতে। কিন্তু তাদের সংবাদ সম্মেলনের অনেকটা অংশ জুড়ে থাকল পিংক বল নিয়ে প্রশ্ন। লাল বলের চেয়ে পিংক বলের আলোচনাই জোরাল। দিবারাত্রির টেস্ট নিয়ে নিজেদের রোমাঞ্চের কথা বলেছেন দুই অধিনায়ক। কলকাতার ইডেন গার্ডেন্সে ২২ নভেম্বর শুরু হবে দিবারাত্রির টেস্ট।

ইতিমধ্যে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) পিংক বলের টেস্ট নিয়ে নানা আয়োজনের পরিকল্পনা করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইডেনের ঘণ্টা বাজিয়ে ম্যাচের উদ্বোধন করবেন। তাদের সঙ্গে থাকবেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি, বিসিসিআই সেক্রেটারি জয় শাহ, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সিএবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। ম্যাচের প্রথম দিনে বক্তব্যও রাখবেন হাসিনা-মমতা। সংবর্ধনা দেওয়া হবে ২০০০ সালে বাংলাদেশ-ভারত প্রথম টেস্টে খেলা দুই দলের ক্রিকেটারদের।

ম্যাচের মাঝপথে ভারতীয় ক্রিকেটের পঞ্চপান্ডব শচীন, সৌরভ, দ্রাবিড়, লক্ষণ ও অনিল কুম্বলকে নিয়ে একটি অনুষ্ঠান হবে। স্তন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে জয় পাওয়া কয়েকজন নারীকেও সংবর্ধনা দেওয়া হবে। পিংক বল টেস্ট ঘিরে থাকছে আরো অনেক আয়োজন। কলকাতা শহরটাকে গোলাপি আবহে সাজানোর পরিকল্পনায় আছে সিএবির। শহরের ৪২তলা ভবনটাও পিংক বলের একটা আদল পেতে পারে। এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সিএবির কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার একটি মিটিং করেছে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসানের নেতৃত্বে কর্মকর্তারা সিএবির আয়োজন সম্পর্কে আলোচনা করেন। সিএবির সেক্রেটারি অভিষেক ডালমিয়া বলেছেন, ‘এটা একটা ঐতিহাসিক টেস্ট। আমরা এটাকে স্মরণীয় করতে চাই সবদিক থেকে। বাংলাদেশ-ভারত এখানে খেলবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য সবকিছু ভালোভাবে আয়োজিত হচ্ছে, আমরা এটা নিশ্চিত করতে চাই।’ ২২ নভেম্বর টেস্টের প্রথমদিনই খেলা উপভোগ করবেন হাসিনা-মমতা। সিএবির পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ৫০ পদের খাবার দিয়ে আপ্যায়ন করা হবে বলে জানা গেছে। সঙ্গে বিশেষ শাড়ি ও শাল দেওয়া হবে শেখ হাসিনাকে।