কর্ণাটকে ১৭ বিধায়ক বরখাস্তের সিদ্ধান্ত বহাল সুপ্রিম কোর্টে

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২১:১৩

উপনির্বাচনে লড়তে পারবেন সবাই

ভারতের কর্ণাটক রাজ্যের ১৭ বিদ্রোহী বিধায়কের বরখাস্তের সিদ্ধান্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট। গতকাল দেশটির শীর্ষ আদালত এই রায় দিয়ে বলেছে, তাদের বরখাস্ত বহাল থাকলেও তারা উপনির্বাচনে অংশ নিতে পারবেন। গত জুলাই মাসে দলত্যাগ বিরোধী আইনে কংগ্রেসের ১৪ জন এবং জেডিএসের তিন জনের বিধায়ক পদ খারিজ করে দিয়েছিলেন তত্কালীন স্পিকার। আনন্দবাজার পত্রিকা

কর্ণাটকের ঐ ১৭টি আসনের মধ্যে ১৫ আসনে আগামী ৫ ডিসেম্বর উপনির্বাচন হবে। মোট ২২৪ আসনের বিধানসভায় এই মুহূর্তে বিজেপির হাতে রয়েছে ১০৬ বিধায়ক। বিরোধী জেডিএস এবং কংগ্রেস জোটের হাতে রয়েছে ১০০টি আসন। কর্ণাটকে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে গেলে ১৫টি আসনের উপনির্বাচনে অন্তত ছয়টিতে জিততেই হবে বিজেপিকে। বিভিন্ন সূত্রের মতে, কংগ্রেস বা জেডিএস ছেড়ে বেরোনো বরখাস্ত হওয়া বিধায়করাই বিজেপির হয়ে প্রার্থী হবেন। ২০১৮ সালে কর্ণাটকে বিধানসভা ভোট হয়েছিল। ২২৪ আসনের মধ্যে ভোট হয় ২২২টিতে। ১০৪টি আসন নিয়ে বৃহত্তম দল হয় বিজেপি। কিন্তু কংগ্রেস (৭৮ আসনে জয়ী) এবং জেডিএস (৩৭ আসনে জয়ী) মোট ১১৫ আসন পেয়ে জোট সরকার গঠন করে। পরে ২টি আসনের নির্বাচনে একটিতে কংগ্রেস এবং একটিতে জেডিএস জয়ী হয়।