চাঁদপুর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুই ট্রেনের সংঘর্ষে নিহতদের মধ্যে চাঁদপুরের ছয় জনের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাত ও বুধবার সকালে নিজ নিজ এলাকায় তাদের দাফন হয়। নিহত ছয় ট্রেনযাত্রী চাঁদপুর সদরের একজন, হাজীগঞ্জ উপজেলার দুই ও হাইমচর উপজেলার তিন জন। একই ঘটনায় চাঁদপুর সদরের একই পরিবারের সাত জনসহ আহত হয়েছেন ১০ জন। মঙ্গলবার ভোররাতে কসবার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দভাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশীথা ট্রেনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন:হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের বেপারি বাড়ির মৃত আব্দুুল জলিলের ছেলে মজিবুর রহমান ও তার স্ত্রী কুলসুমা বেগম, সদর উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর বালিয়া গ্রামের বিল্লাল বেপারির মেয়ে ফারজানা আক্তার, হাইমচর উপজেলার তিকশিকান্দির জাহাঙ্গীর হোসেনের স্ত্রী আমাতন বেগম, মেয়ে মরিয়ম এবং বোনের ছেলে মাঈনুদ্দিনের স্ত্রী কাকলী বেগম। নিহতদের মধ্যে মজিবুর, কুলসুমা ও ফারজানার লাশ মঙ্গলবার রাতে নিজ নিজ বাড়িতে দাফন করা হয়। এছাড়া হাইমচরে একই পরিবারের নিহত আমাতন বেগম, মরিয়াম ও কাকলীর লাশ রাতে নিজ এলাকায় আনা হয় এবং বুধবার সকালে দাফন করা হয়।
