আইটি-ভিত্তিক মানবসম্পদ তৈরিতে পিছিয়ে ব্যাংকগুলো

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২১:৩২

বিআইবিএমের সেমিনার

ইত্তেফাক রিপোর্ট

ব্যাংকিং খাতে যুগের সঙ্গে তাল মিলিয়ে আইটি-ভিত্তিক মানবসম্পদ উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সঠিক পরিকল্পনা এবং প্রশিক্ষণের ঘাটতি রয়েছে। এ অবস্থার উত্তরণে ব্যাংকের আইটি-ভিত্তিক মানবসম্পদ উন্নয়নে বাজেট বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত এক সেমিনারে এসব কথা বলা হয়।

রাজধানীর মিরপুরে ‘অ্যান ইভাল্যুয়েশন অব হিউম্যান রিসোর্সেস অব আইটি ডিপার্টমেন্টস ইন ব্যাংকস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএমের পরিচালক (গবেষণা, উন্নয়ন এবং কনসালটেন্সি) ড. প্রশান্ত কুমার ব্যানার্জী। সেমিনারে সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামান।

সেমিনারে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক মো. মাহবুবুর রহমান আলম। পাঁচ সদস্যের গবেষণা দলে ছিলেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক মো. শিহাব উদ্দিন খান; বিআইবিএমের সহকারী অধ্যাপক কানিজ রাব্বী; বিআইবিএমের প্রভাষক ফয়সাল হাসান এবং এনসিসি ব্যাংক লিমিটেডের হেড অব আইটি মো. শামসুর রহমান চৌধুরী।

সেমিনারে বক্তারা বলেন, ব্যাংকিং খাতের তথ্য প্রযুক্তিভিত্তিক বিষয়ক মানবসম্পদ উন্নয়নে ভারতের আইডিআরবিটির আদলে একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনে সবাই একমত পোষণ করে অবিলম্বে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী বলেন, প্রযুক্তি খাতের খরচকে বিনিয়োগ হিসেবে বিবেচনায় রাখতে হবে। সব পর্যায়ের ব্যাংকারদের আইটি বিষয়ক দক্ষতা থাকতে হবে। 

ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মো. শিরীন বলেন, বুয়েট এবং পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যারা ডিগ্রি নিয়ে বের হচ্ছেন তারা ব্যাংক কিংবা অন্য খাতে চাকরি না করে বিদেশ চলে যাচ্ছেন। এজন্য আমাদেরকে ব্যাংকে আইটি খাতের মিড লেভেলের বিশেষজ্ঞদের নিয়ে চিন্তা করতে হবে। মিড লেভেলে প্রশিক্ষণে অর্থ ব্যয় করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেবদুলাল রায় বলেন, গত কয়েক দশকে প্রযুক্তিতে অনেক বেশি বৈচিত্র্যকরণ হয়েছে; কিন্তু ব্যাংকের পর্ষদ ও উচ্চ পর্যায়ে নেতৃত্বের ধারণাগত পরিবর্তন হয়নি। এখনো একটি বড়ো অংশের সেকেলে ধারণা নিয়ে কাজ করছেন।