আওয়ামী লীগে দূষিত রক্তের প্রয়োজন নেই :কাদের

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২২:৩১

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের ভেতর অন্তর্কলহকারী, অপকর্মকারী ও দুর্নীতিবাজদের ঠাঁই দেওয়া হবে না উল্লেখ করে বলেন, আওয়ামী লীগে দূষিত রক্তের প্রয়োজন নেই।

গতকাল বুধবার দুপুরে মহানগরীর কে বি কনভেনশন সেন্টারে আয়োজিত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  সংগঠনের মধ্যে দূষিত রক্তের বদলে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করার কথা তুলে ধরে বলেন, হাতেগোনা কিছু খারাপ লোকের জন্য গোটা আওয়ামী লীগ বদনামের ভাগিদার হতে পারে না। তিনি  চট্টগ্রামসহ সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন, একটি খারাপ আচরণের জন্য অজস্র উন্নয়ন কাজের ভাবমূর্তি ম্লান হয়ে যাবে, একথা সবাইকে মনে রাখতে হবে। তিনি বলেন, দলের শিকড়ের মধ্যে দলের আদর্শ বিস্তৃত। আমরা পরিবর্তন চাই, কিন্তু এমন পরিবর্তন চাই না, যে পরিবর্তন আওয়ামী লীগকে আদর্শের শিকড় থেকে বিচ্ছিন্ন করে দেবে। সরকারের ভিশন ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নে যারা কাজ করবেন তাদেরকে চরিত্র হারালে চলবে না। ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির সুসমন্বয়ে গুণগত পরবির্তন আনতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী       নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন,  নজরুল ইসলাম চৌধুরী এমপি ও আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি, আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম প্রমুখ।

স্মরণসভায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, রাজনীতিকে যারা অর্থ দিয়ে অর্জন করতে চান তারা বাবু ভাইয়ের কাছে রাজনীতি শিখুন। অর্থ-বিত্তের মধ্যে থেকে তিনি কিভাবে সাধারণ জীবনযাপন করেছেন তা তার জীবন থেকে শেখা যায়।