রাজশাহী মহানগরী ও পবা নতুনপাড়ায় পৃথক ছুরিকাঘাতে বুধবার এক যুবলীগ কর্মী এবং এক কলেজ ছাত্র নিহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে নগরীর রেলভবনে রেলওয়ের টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত যুবলীগ কর্মী সানোয়ার হোসেন রাসেল সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। তিনি নগরীর বোয়ালিয়া থানা আওয়ামী লীগের (পূর্ব) সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রাজার ছোট ভাই।
অন্যদিকে গতকাল বিকেল চারটার দিকে পবা নতুনপাড়া কৃষি উন্নয়ন ব্যংকের সামনে অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্থানীয় কলেজ ছাত্র ফাহিম (১৮) নিহত হয়েছে। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ছেলে-মেয়ে কয়েকজন পালিয়ে যায়। নিহত ফাহিম পবা নতুনপাড়ার মোস্তফার ছেলে। সে নগরীর বরেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। এ ঘটনায় ফাহিমের বন্ধু যুবরাজ (১৮) গুরুতর আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী রেল ভবনে রেলওয়ের টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বুধবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগের রাজা গ্রুপ এবং সৈনিক লীগের সাধারণ সম্পাদক সুজন গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আনোয়ার হোসেন রাজা ও তার ছোট ভাই সানোয়ার হোসেন রাসেল ও সোনাসহ উভয়ে গ্রুপের অন্তত পাঁচজন আহত হয়। তাদের মধ্যে তিনজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। রামেকের অপারেশন থিয়েটারে সন্ধ্যা ৬টার দিকে রাসেলের মৃত্যু হয়।
