বগুড়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগে নাসির শেখ (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়া সদর থানা পুলিশ শহরের খান্দার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাসির শেখ খান্দার এলাকার মীর কাশেম শেখের ছেলে। তিনি পেশায় মুদি দোকানি।
পুলিশ জানায়, শহরের খান্দার এলাকার একটি কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রী বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে স্কুল ছুটি হলে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। নাসির শেখের বাড়ির সামনে দিয়ে ওই ছাত্রী যাওয়ার সময় কৌশলে তাকে বাড়িতে ডেকে নিয়ে যায়। এ সময় নাসির শেখের বাড়িতে কেউ না থাকায় ওই সুযোগে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। একপর্যায় তার হাতে কামড় দিয়ে পালিয়ে যায় ওই স্কুল ছাত্রী। পরে বাড়িতে গিয়ে তার বড়বোন ও মাকে ঘটনাটি জানায়।
এদিকে খবর জানাজানি হলে আত্মগোপন করে ধর্ষক নাসির শেখ। এরপর ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য দিনভর তদবির শুরু করে স্থানীয় একটি চক্র। বুধবার রাত ১১টার দিকে ধর্ষিতার মা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পরপরই তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রোজিনা খান্দার এলাকা থেকে রাতেই তাকে গ্রেফতার করেন।
বগুড়া সদর থানার সেকেন্ড অফিসার এসআই মঞ্জুরুল হক ভুঞা বলেন, 'মামলা রেকর্ড হওয়ার পরপরই পুলিশি তৎপরতায় আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়। বৃহস্পতিবার গ্রেফতারকৃত নাসির শেখকে আদালতে পাঠানো হয়েছে।'
ইত্তেফাক/জেডএইচডি
