রাজশাহীতে প্রতারণা চক্রের তিন নারী সদস্য আটক

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৫:৫৪

রাজশাহীতে প্রতারণা চক্রের তিন নারী সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে তাদের আটক করা হয়।

তারা হলো- বাগমারার তেগাছির মেহের হোসেনের মেয়ে মর্জিনা বিবি (৩৫), নগরীর কেদুর মোড়ের তসলিমার মেয়ে সুমি বেগম (৩০) ও টিকাপাড়ার মর্জিনা বেগম (৩০)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা নগরীর কেদুর মোড়ের সমির বাড়িতে সোনালী ব্যাংক, রাজশাহী করপোরেট শাখার সিনিয়র অফিসার একরাম হোসেনকে ডেকে নিয়ে যায়। এসময় তারা প্রতারণার ফাঁদের ফেলে একরামকে জাপটে ধরে জোরপূর্বক ছবি তুলে এবং পরে তাকে ব্লকমেইলের চেষ্টা করে। এ ঘটনায় একরামের ছেলে ইমরান বাদী হয়ে নগরীর মতিহার থানায় মামলা দায়ের করেন।

মতিহার থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, গত ১৫ অক্টোবর এবিষয়ে মামলা হয়। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

ইত্তেফাক/আরকেজি