সখীপুরের কুতুবপুর কলার হাট

প্রতি সপ্তাহে কোটি টাকার বেচা-কেনা

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ২১:৪৯

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কুতুবপুর বাজারে জনপ্রিয় হাটটিতে প্রতি সপ্তাহে কোটি টাকার কলা বিক্রি হয়ে থাকে। রবিবার ও বুধবার এখানে কলার হাট বসে। এখান থেকে কলা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চলের অন্যতম বড়ো কলার হাট এখন সখীপুর উপজেলার কুতুবপুর বাজার। এই হাটে উপজেলার বড়চওনা, দারিপাকা, শ্রীপুর, তৈলধারা, কুতুবপুর, মুচারিয়া পাথার, শালগ্রামপুর, গজারিয়া, কীর্ত্তনখোলাসহ বিভিন্ন গ্রামের কলাচাষিরা কলা বিক্রি করতে নিয়ে আসেন। সরেজমিন কুতুবপুর হাট ঘুরে ব্যবসায়ী ও কলা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর কলার দাম অনেকটাই বেশি। প্রতি কাঁদি কলা এখন বিক্রি হচ্ছে ২০০ থেকে ৫০০ টাকা দরে। কলার কাঁদির ওপর নির্ভর করে দাম কমবেশি হয়ে থাকে বলে জানান কলা ব্যবসায়ী হোসেন মিয়া। সখীপুর উপজেলার শ্রীপুর গ্রামের কলাচাষি মজিবুর রহমান জানান, টাঙ্গাইল জেলার মধ্যে এটিই সবচেয়ে বড়ো কলার হাট।

অন্য বাজারের তুলনায় এ বাজারে বেশি কলা বিক্রি হয়। ঘাটাইল উপজেলার গারো বাজারের কলাচাষি হযরত আলী জানান, এ বছর তিনি সাড়ে চার বিঘা জমিতে কলা চাষ করেছেন। প্রতি বিঘা জমিতে ৩০০টি হিসেবে সাড়ে পাঁচ বিঘা জমিতে ১ হাজার ৫০০টি কলাগাছ লাগিয়েছেন। প্রতি বিঘা জমি থেকে অন্তত ৮০ হাজার টাকার কলা বিক্রি হবে বলে তিনি জানান।

কুতুবপুর বাজার বণিক সমিতির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান ফকির বলেন, প্রতি রবিবার ও বুধবার কলার হাটটি বসে। তবে হাটের আগের দিনই চাষিরা কলা এনে বিক্রির জন্য থরে থরে পসরা সাজিয়ে রাখেন।