রাজশাহীতে দুই খুনে মামলা, গ্রেফতার আট

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ২১:৫২

রাজশাহী মহানগরীতে বুধবার পৃথক ছুরিকাঘাতে দুই খুনের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। স্বজনরা বাদী হয়ে রাতেই নগরীর চন্দ্রিমা ও শাহ্ মখদুম থানায় মামলা দুটি দায়ের করেন। উভয় খুনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আট জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, পশ্চিমাঞ্চল রেল ভবনে ঠিকাদারি নিয়ন্ত্রণের দ্বন্দ্বে বুধবার প্রতিপক্ষের ছুরিকাঘাতে মহানগর যুবলীগের সদস্য সানোয়ার হোসেন রাসেল খুন হয়। একই ঘটনায় তার ভাই বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রাজাসহ পাঁচ জন আহত হন। অন্যদিকে বিকালে নগরীর শাহ্ মখদুম থানাধীন পবা নতুনপাড়ায় দুই যুবকের ছুরিকাঘাতে কলেজছাত্র আব্দুল্লাহ আল ফাহিম (১৮) খুন হন। রাজশাহীর শহিদ বুদ্ধিজীবী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ফাহিম খুনের ঘটনায় রাতেই তার বাবা গোলাম হোসেন বাদী হয়ে শাহ্ মখদুম থানায় হত্যা মামলা করেন বলে রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান। তিনি বলেন, মামলায় দুই আসামির মধ্যে রাকিবকে পুলিশ বৃহস্পতিবার সকালে গ্রেফতার করেছে। নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. গোলাম মোস্তফা জানান, যুবলীগ নেতা রাসেল খুনের ঘটনায় তার ভাই মনোয়ার হোসেন রনি রাতেই হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সাত জনকে গ্রেফতার করেছে। আরএমপির মুখপাত্র আরো জানান, রামেক মর্গে রাসেল ও ফাহিমের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দুই হত্যাকাণ্ডের অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।