দেশে প্রথমবারের মতো ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গত ১২ নভেম্বর থেকে শুরু হওয়া ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাধ্যমে এ কার্যক্রমের শুরু হয়। তবে শুধু শিক্ষার্থীদের ক্ষেত্রে নয়, সন্দেহভাজন মাদকাসক্ত শিক্ষকদেরও ডোপ টেস্ট করা হবে বলে জানান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। গতকাল বৃহস্পতিবার দৈনিক ইত্তেফাকের শাবি প্রতিনিধিকে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, শিক্ষকেরা যদি কেউ মাদকাসক্ত থাকে তাহলে তাদেরকেও এর আওতায় আনা হবে। সন্দেহভাজন শিক্ষকদেরও ডোপ টেস্ট করা হবে। কেননা, তারা হলো রোল মডেল। তারা যদি ড্রাগ নেয় তাহলে ছাত্ররাও ড্রাগ নেবে।
এ কার্যক্রমের ধারাবাহিকতা নিয়ে তিনি বলেন, এটা চলবে সারা বছরব্যাপী। প্রত্যেক ইয়ারে ডোপ টেস্ট করা হবে। তবে তার জন্য টাকা দিতে হবে না। তাছাড়া, হল এবং ডিপার্টমেন্টে নিয়মিত অভিযান চালিয়ে যাদের সন্দেহ হবে তাদের ডোপ টেস্ট করা হবে। তবে, শুধু ফার্স্ট ইয়ার নয়; প্রত্যেক ইয়ারের ছেলেমেয়েদেরও ডোপ টেস্ট করা হবে এবং যাদের পজিটিভ আসবে তাদেরকে রিহ্যাবের আওতায় আনা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ কার্যক্রমের উদ্যোগ নেওয়ার কারণ সম্পর্কে বলেন, আমাদের ছেলেমেয়েদের অভিভাবক হলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।
