যুদ্ধবিরতি উপেক্ষা করে ফের গাজায় হামলা চালিয়েছে ইসরাইল। এতে একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছে। এরা সবাই বেসামরিক নাগরিক বলে জানা গেছে। ফিলিস্তিনের গাজার দির আল বালাহ এলাকায় ইসরাইলি হামলায় এই ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার ভোরে নতুন করে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে আরো অন্তত ১৫ জন আহত হয়েছে। ফলে গত কয়েক দিনের হামলায় এ নিয়ে গাজায় মোট ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানা গেছে। আহতের সংখ্যা শতাধিক।
জানা গেছে, গত মঙ্গলবার থেকে গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল। তাদের বিমান হামলায় জিহাদ আন্দোলনের শীর্ষ পর্যায়ের কমান্ডার বাহা আবুল আতা ও তার স্ত্রী নিহত হন। এরপর ক্ষেপণাস্ত্রের সাহায্যে পালটা জবাব দেয় ফিলিস্তিনিরা। তারা ইসরাইলে ছয় শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইসলামি জিহাদ আন্দোলনের একজন মুখপাত্র ইসরাইলকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেল আবিব যুদ্ধ শুরু করলেও যুদ্ধ শেষ করার ক্ষমতা তাদের হাতে থাকবে না এবং চলমান সংঘাতের সম্পূর্ণ দায় ইসরাইলকে বহন করতে হবে। যদিও বুধবারের হামলার পর মিশরের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে গাজা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার অজুহাতে গতকাল ফের হামলা চালায় ইসরাইলি কর্তৃপক্ষ।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানায়, নিহত ঐ পরিবারটির গাজার দির আল বালাহ এলাকায় বাস করত। ইসরাইলি সেনারা ভুল টার্গেটে আঘাতহানায় বাবা-মায়ের সঙ্গে নিহত অকালে প্রাণ হারাল তাদের চার সন্তানও।—আরব নিউজ
