ভূমিকম্পে দুর্যোগের সময় নেপালে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তাদের নিজস্ব স্যাটেলাইট না থাকায় দুর্গম এলাকায় তারা যোগাযোগ স্থাপন করতে পারেনি। অথচ বাংলাদেশে যদি এরকম কোনো দুর্যোগ হয় তাহলে সব জায়গায় যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। দেশের কোনো এলাকা বিচ্ছিন্ন থাকবে না।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) অফিসে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। তিনি বলেন, দ্বিতীয় স্যাটেলাইট উেক্ষপণের কাজ শুরু হয়েছে। সেটা হবে ‘হাইব্রিড স্যাটেলাইট’। শিগগিরই পরামর্শক নিয়োগ করা হবে।
শাহজাহান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ট্রান্সপন্ডারের মধ্যে মাত্র ৩০-৪০ শতাংশ ব্যবহার করেছি, আরো বাকি আছে। সুতরাং পরবর্তী স্যাটেলাইট হবে হাউব্রিড স্যাটেলাইট। যেন যোগাযোগ ছাড়াও আবহাওয়ার তথ্য পাওয়াসহ অন্য সেবায় ব্যবহার করা যায়। দ্বিতীয় স্যাটেলাইটের জন্য দ্রুতই কনসালট্যান্ট নিয়োগ দেওয়া হবে। কোন কোন ক্ষেত্রে চাহিদা আছে সেগুলো তারা জরিপ করে আমাদের জানাবে।
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের বিভিন্ন দিক নিয়ে শাহজাহান মাহমুদ বলেন, অন্য দেশ এক-দেড় বছরের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারে না। কিন্তু আমরা এক বছরের মধ্যে কাজে লাগাতে শুরু করেছি। এই স্যাটেলাইট ১৫টি দেশে সেবা দিতে সক্ষম। আমরা প্রথমত তিন মাস টেলিভিশনগুলোকে ফ্রি সেবা দিয়েছি, ২ অক্টোবর থেকে বিল ধরা শুরু করছি। টেলিভিশনগুলোর জন্য তিনটি রিডানডেন্সি চালু করেছি যাতে কোনো কারণে একটি সংযোগ কাটা পড়লেও বিকল্প পথ থাকে। আরো একটি রিডানডেন্সি তৈরির কাজ করছি।
এক বছরে সবচেয়ে বড়ো অর্জন ৩৫টি টিভি বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবায় চলে এসেছে উল্লেখ করে তিনি বলেন, টিভি চ্যানেলগুলো মধ্যপ্রাচ্যের দেশগুলোসহ পৃথিবীর সব জায়গায় যাতে কাভার করতে পারে সে ব্যাপারে কাজ করছি।
এছাড়াও প্রত্যন্ত অঞ্চলে টেলিমেডিসিন ও টেলি এডুকেশনে কাজ করছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। টেলি মেডিসিনের মাধ্যমে ভোলার চর নিউরির একজন প্রসূতি মা ঢাকার বঙ্গবন্ধু হাসপাতালের ডাক্তারকে দেখাতে পারছে। এটা নিয়ে প্রধানমন্ত্রী দারুণ খুশি হয়েছেন। ভি-স্যাট সুবিধার মাধ্যমে একটি ব্যাংকেও সেবার আওতায় আনা হচ্ছে। স্যাটেলাইট সেবার জন্য ভারত বড়ো বাজার জানিয়ে চেয়ারম্যান বলেন, বিটিআরসি এ বিষয়ে যোগাযোগ করবে। আমরা অভ্যন্তরীণ বাজারকে প্রাধান্য দিয়ে কাজ করছি, যে পরিমাণ ধারণা করছিলাম তার থেকে চাহিদা বেশি।
