আড়াইহাজারের গোপালদী বাজারে কেমিক্যাল দিয়ে কলা পাকানোর অভিযোগে একটি কলার আড়ত সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন এই অভিযান পরিচালনা করেন।
সহকারী কমিশনার ভূমি মো. উজ্জল হোসেন জানান, দীর্ঘদিন ধরে গোপালদী স্কুল রোড এলাকায় মোস্তফার কলার আড়তে কেমিক্যাল দিয়ে কলা পাকানো হচ্ছে—এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। প্রথমে ক্রেতা সেজে জানতে চাওয়া হয়—‘কলা কীভাবে পাকানো হয়’। এ সময় মালিক মোস্তফা মশার কয়েল দিয়ে কলা পাকানো হয় বলে জানান। পরে দোকান তল্লাশি করে অনেকগুলো কেমিক্যালের বোতল জব্দ করা হয়। দোকান মালিক মোস্তফা পালিয়ে যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট কলার আড়তটি সিলগালা করে দেন।
