গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাজুখান বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে টঙ্গীর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মাজুখান বাজার কমিটির সভাপতি ওসমান গনি জানান, বাজারে জাকিরের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে একে একে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে।
