চট্টগ্রামে বিজয় দিবস ক্রিকেট

ব্রাদার্স ক্রিকেট একাডেমির শুভ সূচনা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ২১:৩৬

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

বিজয় দিবস অনূর্ধ্ব ১৬ টি-টোয়েন্টি ক্রিকেটে উদ্বোধনী খেলায় উদীয়মান ক্রিকেট একাডেমিকে ৪৭ রানে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে ব্রাদার্স ক্রিকেট একাডেমি। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং পোর্ট সিটি সিনিয়র ক্লাবের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টে গ্রুপ লিগ ভিত্তিতে খেলছে ১৬টি দল।

এর আগে চট্টগ্রামের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি সাইদুর রহমান, রুহুল আমিন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস, ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরী, আবুল হাসেম, ক্রিকেট কমিটির সম্পাদক আবদুল হান্নান আকবর প্রমুখ।